টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। গত ১৬ মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৮২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। চুরি ঠেকাতে কোথাও পুরস্কার ঘোষণা, কোথাও মাইকিং করেও মিলছে না সুফল। বাধ্য হয়ে রাত জেগে ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন কৃষকরা।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সমিতির আওতাধীন এলাকায় ৩৮২টি ট্রান্সফরমার ও আটটি তিন ফেজ মিটার চুরি হয়েছে। এসবের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। অন্যদিকে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন টাঙ্গাইলের পাঁচ উপজেলায় গত এক বছরে আরও প্রায় ২০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
চোরচক্র ট্রান্সফরমারের ভেতরের তামা, পিতলসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে সেচ প্রকল্প ও মিলের শ্রমিকদের মারধর করে ট্রান্সফরমার লুটের ঘটনাও ঘটছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা।
নাগরপুরের কৃষক মাসুদ রানা জানান, তাঁর সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হওয়ায় বাধ্য হয়ে গরু বিক্রির টাকা দিয়ে নতুন ট্রান্সফরমার কিনতে হয়েছে। আরেক ভুক্তভোগী শরিফুল ইসলামের অভিযোগ, অভিজ্ঞ ও অসাধু টেকনিশিয়ানদের যোগসাজশ ছাড়া এভাবে ট্রান্সফরমার চুরি সম্ভব নয়।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মিজানুর রহমান বলেন, চুরির ঘটনায় মামলা হলেও জামিনে বেরিয়ে অপরাধীরা আবারও একই কাজে জড়াচ্ছে। চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় পাঁচ লাখ ৭২ হাজার ৫০০। এর মধ্যে প্রায় ৪০ হাজার সেচগ্রাহক। ট্রান্সফরমার চুরি প্রতিরোধে করণীয় নির্ধারণে সমিতির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সেচগ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত ব্রিফিং করা হচ্ছে। তাঁর মতে, গ্রাহকদের সচেতনতাই এ ধরনের চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

