সুপ্রভাত ঢাকা

সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে এবং সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

টুকু বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছয় বছর কারাভোগ করতে হয়েছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই শাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু তারা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। গত দুই দিনে বিএনপির তিন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়। প্রত্যেক পাড়া-মহল্লায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। যারা সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করা হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না।

এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।