সুপ্রভাত ঢাকা

সাগরের ক্ষুদে চিংড়িতে শত কোটি টাকার সম্ভাবনা

সাগরের ক্ষুদে চিংড়িতে শত কোটি টাকার সম্ভাবনা
সাগরের ক্ষুদে চিংড়িতে শত কোটি টাকার সম্ভাবনা

আকারে ছোট, কিন্তু অর্থনৈতিক গুরুত্বে বিশাল। সাগর ও নদীর মোহনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়া ক্ষুদে চিংড়ি এখন উপকূলীয় জনপদের মানুষের জীবিকার অন্যতম বড় অবলম্বন। স্থানীয়ভাবে ‘ভুলা চিংড়ি’ নামে পরিচিত এ মাছ ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় গড়ে উঠেছে কোটি কোটি টাকার ব্যবসা। প্রতি মৌসুমে এ খাত থেকে শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মসংস্থান হচ্ছে স্থানীয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষের।

প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি—এই চার মাস সাগরের মোহনা ও নদ-নদীতে প্রচুর পরিমাণে ধরা পড়ে ক্ষুদে এ চিংড়ি। এরপর শুরু হয় সংগ্রহ, শুকানো ও বাজারজাতকরণের ব্যস্ততা। কলাপাড়া উপজেলার অন্তত ২০টি স্থানে নদীর তীরে হোগলা ও চাটাই বিছিয়ে রোদে শুকানো হয় কাঁচা চিংড়ি। এক দিনের রোদেই শুকিয়ে বিক্রির উপযোগী হয়ে ওঠে মাছগুলো। পরে তা সরবরাহ করা হয় সৈয়দপুর, রংপুর, চট্টগ্রাম, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে।

স্থানীয়ভাবে ভুলা চিংড়ি নামে পরিচিত এ মাছের বৈজ্ঞানিক নাম Acetes indicus। আকারে সাধারণত এক থেকে দেড় ইঞ্চি। বঙ্গোপসাগরসহ ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে এ প্রজাতির বিচরণ রয়েছে। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও চীনেও পাওয়া যায় এ চিংড়ি। সাগরের উপরিভাগ ও নদীর মোহনায় জোয়ারের পানিতে ঝাঁক বেঁধে চলাচল করে এগুলো। মূলত প্ল্যাংকটন খেয়েই বেঁচে থাকে।

কলাপাড়ার হাজীপুর, পুরান মহিপুর, নিজামপুর, গোড়াখাল ও কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় এ চিংড়ি শুকানোর দৃশ্য এখন বেশ পরিচিত। নদী কিংবা সাগর থেকে জেলেরা চিংড়ি ধরে তীরে নিয়ে আসেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা ডাকের মাধ্যমে নিলামে মাছ কিনে নেন। ব্যবসায়ীরা শ্রমিক নিয়োগ করে সেগুলো শুকিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করেন। প্রতি মৌসুমে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের দূরদূরান্ত থেকেও অনেক ব্যবসায়ী এ কাজে যুক্ত হতে কলাপাড়ায় আসেন।

বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ ভুলা চিংড়ি বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৮ হাজার টাকায়। আর খুচরা বাজারে প্রতি কেজির দাম ১৫০ থেকে ২০০ টাকা। এ ব্যবসাকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চিংড়ি সংগ্রহ, শুকানো, বাছাই, পরিবহন ও বিক্রির প্রতিটি ধাপেই যুক্ত রয়েছেন শ্রমজীবী মানুষ।

পটুয়াখালীর বাউফল থেকে আসা ব্যবসায়ী মো. নাসির জানান, প্রতি বছরই ভুলা চিংড়ির মৌসুমে ব্যবসার উদ্দেশ্যে তিনি কলাপাড়ায় আসেন। তাঁর অধীনে ১৫ থেকে ১৬ জন শ্রমিক মাসিক বেতনের ভিত্তিতে কাজ করেন। মৌসুমজুড়েই চলে তাঁদের কর্মব্যস্ততা।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের ব্যবসায়ী মো. শফি মিরাজ বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর অধীনে ১২ জন শ্রমিক কাজ করছেন। তাঁদের দৈনিক মজুরি দেওয়া হয়। তাঁর মতে, এলাকার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিক মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এটি লাভজনক ব্যবসা হওয়ায় প্রতিবছরই নতুন ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।

খাবারের তালিকাতেও রয়েছে ভুলা চিংড়ির বিশেষ কদর। ভর্তা, ভাজি, শাকের সঙ্গে রান্না কিংবা ভুলা চিংড়ির বড়া—উপকূলীয় মানুষের কাছে বেশ জনপ্রিয় এসব পদ। ফলে স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর বাজার।

একসময় সাগর ও নদীর মোহনার ক্ষুদে মাছ হিসেবে পরিচিত ভুলা চিংড়ি এখন উপকূলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। স্বল্প সময়ে শুকানো, সহজে সংরক্ষণ ও দেশের বিভিন্ন বাজারে সরবরাহের সুযোগ থাকায় এ ব্যবসার সম্ভাবনাও বাড়ছে। সঠিক পরিকল্পনা, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে ভুলা চিংড়ি উপকূলীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে।