সুপ্রভাত ঢাকা

রাজাপুরে ইয়াবাসহ যুবক আটক

রাজাপুরে ইয়াবাসহ যুবক আটক
রাজাপুরে ইয়াবাসহ যুবক আটক

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক্কুর (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি মাঠের কোণা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. শুক্কুর রাজাপুর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শুক্কুরের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য রাখার অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে রাজাপুর উপজেলায় মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।