পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষদীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তাঁকে নতুন ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং বিদায়ী ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান একজন অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও প্রশাসক। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক প্রজ্ঞা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নবনিযুক্ত ডিনের নেতৃত্বে অনুষদের শিক্ষা, গবেষণা ও ল্যাবরেটরি সুবিধার মান আরও উন্নত ও আধুনিক হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের পুষ্টিচাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানকে উপাচার্য ও বিশেষ অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে দায়িত্ব পালনকালে তাঁর অবদানের জন্য বিদায়ী ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
আলোচনা সভায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

