সুপ্রভাত ঢাকা

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ
রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি

রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলার ৫০ জন কৃষককে একটি করে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়। পাশাপাশি মেশিন স্থাপনের ঘর নির্মাণের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে কাজ করছে।’ তিনি বলেন, এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা কমবে।

পরে রবি মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখতে সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।