নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা। সুতার বৈধ আমদানি কাগজপত্র ও শুল্ক-কর পরিশোধের তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি মাধবদী থানায় নিয়ে যান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে সুতা জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, জব্দ করা সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং কোন প্রতিষ্ঠান বা কারখানায় এগুলো নেওয়া হচ্ছিল, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানানো হয়েছে। যাচাই শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

