উপকূলীয় অঞ্চলের কৃষকদের জলবায়ু সহনশীল কৃষিজাত ফসল, উৎপাদন পদ্ধতি ও আধুনিক কৃষি অনুশীলনে অভ্যস্ত করতে সাতক্ষীরার কালিগঞ্জে কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে এবং Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে পরিচালিত Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
মাঠ দিবসে প্রায় ৯০ জন স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন। এ সময় লবণসহনশীল ও উচ্চ ফলনশীল মিষ্টিকুমড়া, বিভিন্ন জাতের ধান ও তরমুজের বৈশিষ্ট্য, উৎপাদন পদ্ধতি, ফলন এবং দেশি জাতের সঙ্গে পার্থক্য তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এর আগে প্রকল্পের আওতায় ৩৮৬ জন কৃষকের মধ্যে জলবায়ু সহনশীল শাকসবজি, নেপিয়ার ঘাস, কমলা সুন্দরী মিষ্টি আলু, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষ এবং ধানের প্রদর্শনী করা হয়। এসব উদ্যোগে ভালো ফল পাওয়ায় আরও বেশি কৃষকের মধ্যে এ পদ্ধতিগুলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামলী গায়েন। প্রধান অতিথি ছিলেন রতনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কালাম। এ ছাড়া লিডার্সের CALL প্রকল্পের সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

