ঝালকাঠিতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা’য় সাফল্য অর্জন করে পরিবারকে গর্বিত করেছে দুই বোন মোহসিনা মাহজাবিন নিরা ও মাহিয়া মাহসানাত। গত বুধবার (৭ অক্টোবর) জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বড় বোন মোহসিনা মাহজাবিন নিরা। সে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, নজরুলসংগীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে ছোট বোন মাহিয়া মাহসানাত। সে ৪৩ নম্বর পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
দুই মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করে তারা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পরম করুণাময়ের কাছে ওদের জন্য অশেষ শুকরিয়া। আমাদের দুই সন্তান যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া চাই।”
দুই বোনের এই অর্জনে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

