সুপ্রভাত ঢাকা

ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু
শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া স্কুল মাঠে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ইলিশ বাংলাদেশের গর্ব। বিশ্বে উৎপাদিত ইলিশের প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। মা ইলিশ সংরক্ষণ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া স্কুল মাঠে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে সরকার জেলেদের সহযোগিতা করছে। বর্তমানে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এবার কেউ সহযোগিতা থেকে বাদ পড়বেন না।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকারি উদ্যোগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেউ কার্ড করে দেওয়ার কথা বলে টাকা চাইলে তা না দিয়ে সংশ্লিষ্টদের জানানোর আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে টুকু বলেন, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এ প্রকল্প ইতোমধ্যে পাস হয়েছে। পাশাপাশি পর্যটনকেন্দ্র ও একটি ভালো হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। পরে কাকুয়া ইউনিয়নের ২৪৯ জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া ওমরপুর ব্রিজসংলগ্ন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী।