সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রাজশাহীর মোহনপুরে লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা, সংগীত ও কবিতা আবৃত্তির ওপর গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের জন্য, তাই তাদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে সবাইকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান।
শতবর্ষ উদযাপন কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

