বাগেরহাটের মোংলায় ভিক্ষুকের কাছেও জাল টাকা চালানোর অভিযোগে ফখরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পান দোকানে এক হাজার টাকার একটি নোট ভাঙাতে যান ফখরুল। দোকানি নোটটি জাল সন্দেহে ফেরত দিলে তিনি বাজারের আঃ সাত্তার নামের এক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার নোটটি ভাঙিয়ে নেন। বিষয়টি পান দোকানির নজরে এলে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে লোকজন ফখরুলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জাল টাকাসহ থানায় নিয়ে যায়।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুল জানান, তার কাছে থাকা ৯ হাজার টাকার জাল নোট বিভিন্ন স্থানে ভাঙানোর চেষ্টা করছিলেন তিনি। এসব জাল নোট তাকে ভোলার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি সরবরাহ করেছেন। গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে বিভিন্ন স্থানে এভাবে জাল টাকা চালানোর চেষ্টা করে আসছিলেন বলেও জানান তিনি।
আটক ফখরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা সংক্রান্ত প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে ।

