সুপ্রভাত ঢাকা

অযত্নে মাও সে-তুঙের উপহারের ট্রাক্টর!

ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় আধুনিক জাদুঘর নির্মাণের দাবি

ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় আধুনিক জাদুঘর নির্মাণের দাবি
শুধু ট্রাক্টরই নয়, মাওলানা ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ নানা ঐতিহাসিক সরঞ্জামও রয়েছে সেখানে। তবে দীর্ঘদিনের অযত্ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এসব মূল্যবান স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে

বন্ধুত্বের নিদর্শন হিসেবে চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের দেওয়া সেই ঐতিহাসিক ট্রাক্টর। একসময় যে ট্রাক্টরকে ঘিরে ছিল কৃষকের স্বপ্ন, সমবায়ভিত্তিক কৃষির সম্ভাবনা আর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জনকল্যাণমুখী দর্শন, আজ সেটিই ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে টাঙ্গাইলের সন্তোষে। শুধু ট্রাক্টরই নয়, ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ নানা ঐতিহাসিক সরঞ্জামও রয়েছে সেখানে। তবে দীর্ঘদিনের অযত্ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এসব মূল্যবান স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র, দুর্লভ ছবি ও ঐতিহাসিক নিদর্শন এক ছাদের নিচে সংরক্ষণের জন্য আধুনিক একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা।

টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত ট্রাক্টরটি কেবল একটি পুরোনো কৃষিযন্ত্র নয়; এটি বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহাসিক স্মারক। একই সঙ্গে এটি ভাসানীর কৃষকবান্ধব চিন্তা, সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তাঁর স্বপ্নেরও প্রতীক। অথচ এমন গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন দীর্ঘদিন যথাযথ পরিচর্যার বাইরে ছিল।

মাও সে-তুঙের উপহার যেভাবে এলো বাংলাদেশে

ইতিহাস ঘেঁটে জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। সফরের অভিজ্ঞতা ও উপলব্ধি নিয়ে তিনি রচনা করেন ‘মাও সে-তুঙের দেশে’ বই। পরবর্তী সময়ে ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরে গেলে চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙ তাঁকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ১৯৬৭ সালে চীন থেকে বাংলাদেশে পাঠানো হয় ট্রাক্টরটি।

সমবায় পদ্ধতিতে কৃষিকাজের উপযোগী এই ট্রাক্টর দিয়ে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা সম্ভব ছিল। দেশে আসার পর ট্রাক্টরটি প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে মওলানা ভাসানীর কৃষি কার্যক্রমে ব্যবহার করা হয়। পরে ১৯৭৪ সালে এটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়।

ভাসানী চেয়েছিলেন, যন্ত্রটি যেন কেবল প্রদর্শনীর বস্তু হয়ে না থাকে, বরং সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগে। সেই চিন্তা থেকেই তিনি ট্রাক্টরটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন। পরে বিএডিসি জামালপুরে কিছুদিন এটি ব্যবহার করে।

একপর্যায়ে ট্রাক্টরটি অকেজো হয়ে পড়ে থাকলে তা বিক্রির উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড ঐতিহাসিক এই যন্ত্রটি আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

ইতিহাসের সাক্ষী, সংরক্ষণে ঘাটতি

সরেজমিনে দেখা যায়, ট্রাক্টরটির পাশাপাশি মওলানা ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এসব নিদর্শনের প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে তাঁর ব্যক্তিজীবন, রাজনৈতিক দর্শন ও সংগ্রামী ইতিহাস। কিন্তু দীর্ঘদিন যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার অভাবে সেগুলোর কয়েকটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর সম্প্রতি এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে সংরক্ষণের পরিবর্তে পরিকল্পিত ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সব নিদর্শন এক জায়গায় রাখার দাবি উঠেছে।

মওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, ‘মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত এই ট্রাক্টর আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে পারে। তাই তাঁর সব স্মৃতিচিহ্ন সুন্দরভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছি।’

ভাসানীর ভক্ত মো. হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, বাছেদ ও রমজানসহ অনেকেই জানান, ট্রাক্টরটি দীর্ঘদিন ক্যাম্পাসের পূর্ব পাশের একটি জায়গায় কিছুটা অযত্নে পড়ে ছিল। বর্তমানে এর পরিচর্যায় কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু ট্রাক্টর নয়, ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। এতে ভবিষ্যৎ প্রজন্ম ও দর্শনার্থীরা তাঁর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে পারবেন।

পরিবারের দাবি, এক ছাদের নিচে থাকুক সব স্মৃতিচিহ্ন

মওলানা ভাসানীর পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছেন।

তাঁর নাতি আজাদ খান ভাসানী বলেন, ‘মাও সে-তুঙ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবি একসঙ্গে রাখতে বড় পরিসরে একটি আধুনিক মিউজিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি।’

আরেক নাতি হাসরত খান ভাসানী বলেন, ‘গত ২৪ বছরে মাজার ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণে যথেষ্ট উদ্যোগ ছিল না। তবে বর্তমান উপাচার্য আমাদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।’

মওলানা ভাসানীর নাতি ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ‘স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা পদক্ষেপ নিলেও আমাদের দাবি, আরও জোরালো উদ্যোগ নিয়ে এখানে একটি আধুনিক মিউজিয়াম গড়ে তোলা হোক। সেখানে ট্রাক্টর, সাবান কারখানাসহ সব নিদর্শন সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।’

উপাচার্যের আশ্বাস, নষ্ট হতে দেওয়া হবে না কোনো স্মৃতিচিহ্ন

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের পর মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত সবকিছু পরিদর্শন করেছি এবং তাঁর পরিবারের সঙ্গেও আলোচনা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মওলানা ভাসানীর কোনো স্মৃতিচিহ্নই নষ্ট হতে দেব না। তাঁর ব্যবহৃত সব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছি এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন—বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর ব্যবহৃত প্রতিটি জিনিস তাই কেবল ব্যক্তিগত স্মৃতির অংশ নয়, বরং জাতীয় ইতিহাসেরও সম্পদ।

মাও সে-তুঙের দেওয়া ট্রাক্টর থেকে শুরু করে ভাসানীর ব্যবহৃত টাইপরাইটার, ছবি ও অন্যান্য সরঞ্জাম—সবকিছু পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে সন্তোষ হয়ে উঠতে পারে ইতিহাস ও গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত একটি আধুনিক জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যেখানে নতুন প্রজন্ম শুধু ভাসানীর স্মৃতিই দেখবে না, জানবে তাঁর সংগ্রাম, দর্শন ও মানুষের জন্য নিবেদিত জীবনের গল্প।