শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং এ ধরনের অপরাধের কার্যকর প্রতিকার নিশ্চিত করতে বাগেরহাটে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পর্যায়ের শিশু সুরক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় শিশুদের অনলাইন নিরাপত্তা, যৌন নির্যাতন ও শোষণের ঝুঁকি শনাক্তকরণ, অপরাধের শিকার হলে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে শিশুদের অনলাইন হয়রানি ও যৌন শোষণ থেকে সুরক্ষা, দ্রুত প্রতিকার নিশ্চিত করা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কমিটিগুলোর দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়। সভায় CBCPC, CWB এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে শিশুদের অনলাইন নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে শিশুদের যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সংশ্লিষ্ট সুরক্ষা কমিটিগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত সহায়তা প্রদান এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
আয়োজক সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, টেরে দেস হোমস নেদারল্যান্ডসের সহযোগিতায় এবং ইনসিডিন বাংলাদেশের কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

