বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও ২ ভরি ৫ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর রাতে শেখ আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল, ঢাকার মিরপুর ও দক্ষিণখান থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের ক্রেতাকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আটকদের মধ্যে মূল অভিযুক্ত আব্দুর নূর তুষার ওরফে হৃদয়ের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

