সুপ্রভাত ঢাকা

হাঁটুকাদায় দুর্ভোগে ৩০ হাজার মানুষ

৩১ বছরেও পাকা হয়নি হেড়মা-দেবরাজ সড়ক

৩১ বছরেও পাকা হয়নি হেড়মা-দেবরাজ সড়ক
৩০ বছরেও পাকা হয়নি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক

তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবু পাকা হয়নি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে হাঁটুকাদা। এতে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, রোগী, নারী, শিশু ও ব্যবসায়ী—কেউই রেহাই পাচ্ছেন না এই ভোগান্তি থেকে।

স্থানীয়দের ভাষ্য, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বছরের পর বছর জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানালেও মেলেনি স্থায়ী সমাধান। অথচ হেড়মা বাজার, দেবরাজ নতুন বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি।

স্থানীয়রা জানান, আষাঢ় থেকে আশ্বিন—বর্ষার প্রায় চার মাস সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। কাদায় আটকে বন্ধ হয়ে যায় ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল। অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে পড়তে হয় চরম বিপাকে। অন্যদিকে, কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিবহনে বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। কোথাও জমে আছে হাঁটুসমান কাদা। অনেকে জুতা হাতে নিয়ে রাস্তা পার হচ্ছেন। কেউ আবার কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিকল্প সড়ক থাকলেও সেটির অবস্থাও বেহাল।

ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান সুবহান বলেন, বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির কোনো উন্নয়ন হয়নি। বর্ষায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের নিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুরের অভিযোগ, বৃষ্টির দিনে কাদার কারণে স্কুলে যেতে সমস্যা হয়। অনেক সময় রাস্তায় পড়ে জামাকাপড় ও বই-খাতা নষ্ট হয়।

৭০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা তরফদার শেখ বলেন, প্রতিদিন হাঁটুকাদা মাড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ চলতে হয়। জীবনের শেষ বয়সে তাঁর একটাই প্রত্যাশা, রাস্তাটি পাকা হওয়া দেখে যেতে চান।

মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হাসান জুমাদ্দার বলেন, সড়কের পাশে বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। বর্ষায় মানুষের স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়ে। জনস্বার্থে দ্রুত সড়কটি পাকা করা প্রয়োজন।

তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম জানান, সড়কটি নির্মাণের জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে। সড়কের বিল পাস হয়েছে বলে জানলেও এখনো কাজ শুরু হয়নি।

এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ বলেন, সড়কটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান অবস্থা ও উন্নয়ন প্রকল্প যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, সাময়িক সংস্কার নয়, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত পুরো সড়কটি টেকসইভাবে পাকা করতে হবে। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘ ৩১ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন প্রায় ৩০ হাজার মানুষ।