জন্ম থেকেই দুটি হাত নেই। তবুও অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে অর্জন করেছেন দেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। চাকরি না পেয়ে নিজ বাড়িতেই গড়ে তোলেন শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর অবশেষে বিদ্যালয়ের স্বীকৃতি ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ পেলেন নরসিংদীর পাঁচদোনার শিক্ষক ও উদ্যোক্তা আলতাব হোসেন দুখু মিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাঁচদোনায় প্রতিষ্ঠিত ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’-এর প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে স্বীকৃতিপত্র ও বেঞ্চ তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। জেলা প্রশাসনের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আসার পর এ স্বীকৃতি ও সহায়তা পায় বিদ্যালয়টি।
২০০৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কোনো সরকারি সহায়তা ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন দুখু মিয়া। স্বীকৃতির জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও এত দিন কোনো সুফল পাননি। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়।
স্বীকৃতি ও বেঞ্চ পেয়ে আবেগাপ্লুত দুখু মিয়া বলেন, জন্ম থেকেই তাঁর দুটি হাত নেই। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরও চাকরি না পেয়ে নিজ বাড়িতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিনের চেষ্টার পর স্বীকৃতি ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ পাওয়ায় তিনি আনন্দিত এবং সরকারের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, দুখু মিয়া প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই বড় নয়। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে সবাই দেশের কাজে এগিয়ে আসতে পারেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, দুখু মিয়া নিজের ইচ্ছাশক্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদ্যালয়টির স্বীকৃতি ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও শিশুদের উপযোগী করে গড়ে তুলতে কাজ করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়।
১৯ বছরের অপেক্ষার পর বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ায় আনন্দিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সরকারি-বেসরকারি সহযোগিতায় এবার আরও উন্নত শিক্ষার পরিবেশ পাবে প্রতিষ্ঠানটি।

