সুপ্রভাত ঢাকা

সন্ধান পেতে সবার সহযোগিতা চান পরিবারের সদস্যরা

১০ দিন ধরে নিখোঁজ আমজাদ, বাবাকে ফিরে পেতে সন্তানের আকুতি

১০ দিন ধরে নিখোঁজ আমজাদ, বাবাকে ফিরে পেতে সন্তানের আকুতি
খুলনার কয়রায় নিখোঁজ বয়োবৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন আমজাদ হোসেন মোল্লা

বাড়ি থেকে বের হওয়ার পর ১০ দিন পেরিয়ে গেলেও আর ফেরেননি আমজাদ হোসেন মোল্লা। বয়সের ভারে ন্যুব্জ, শারীরিকভাবে দুর্বল এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। অল্প কথা বলতে পারেন। প্রিয় বাবার কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে সন্তানদের। বাবাকে ফিরে পাওয়ার আশায় এখন প্রতিটি মুহূর্ত পথ চেয়ে আছেন তারা।

খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিন মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। দিন গড়িয়েছে, রাত পেরিয়েছে—কিন্তু এখনো বাবার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেছেন। স্থানীয়ভাবে নানা জায়গায় অনুসন্ধান চালিয়েও তার সন্ধান না পাওয়ায় পরিবারের উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে।

নিখোঁজের সময় আমজাদ হোসেনের পরনে ছিল একটি ফতুয়া ও লুঙ্গি। বয়সের কারণে তিনি শারীরিকভাবেও দুর্বল।

আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ। তিনি খুব বেশি কথা বলতে পারেন না। ১০ দিন ধরে বাবার কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। বাবাকে ছাড়া আমাদের পরিবারের প্রতিটি মুহূর্ত কষ্টে কাটছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও তাকে দেখে থাকেন বা তার সন্ধান পান, দয়া করে আমাদের জানাবেন।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমজাদ হোসেন মোল্লার সন্ধান পেলে ০১৯৫২৩৪১৩৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

একজন অসহায় বয়োবৃদ্ধ বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে সন্তানদের। আমজাদ হোসেনকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।