সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দূষণ কমানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ৩৬ নম্বর কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” শীর্ষক কর্মসূচির আয়োজন করে রূপান্তর। সহযোগিতায় ছিল জার্মান কো-অপারেশন ও হেলভেটাস জার্মানি।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন। প্লাস্টিক ও বর্জ্য দূষণে এর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ দূষণ রোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সুন্দরবন সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় শিক্ষক, বন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, পরিবেশকর্মী, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

