সুপ্রভাত ঢাকা

রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

​ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা-ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযান শেষে এসব কারেন্ট ও অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।

​অভিযান চলাকালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ইলিশ রক্ষা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

​পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও প্রজনন সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।” তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীদের ইলিশ রক্ষায় প্রশাসনকে সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন এবং স্থানীয়দের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

​সভায় মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রজনন মৌসুমে ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করা এবং এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করা হয়।

​অভিযানে সরেজমিনে উপস্থিত হয়ে দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।