সুপ্রভাত ঢাকা

নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর

নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর
নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণের শিকার হয়ে প্রাণ গেছে তিন বছর বয়সী শিশু রেদোয়ানের।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেদোয়ান ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে একই ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে রেদোয়ান। দুপুর আনুমানিক ২টার দিকে নানার ঘরের দক্ষিণ পাশে খেলছিল সে। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে একটি ভিমরুলের বাসার সামনে গেলে একাধিক ভিমরুল তাকে হুল ফোটায়।

এ সময় শিশুটির চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান তার নানি জোসনা বেগম। নাতিকে উদ্ধার করতে গিয়ে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।

পরে রেদোয়ানকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। বিকেলে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি. এম. মেহেদী হাসান (সানি) বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।