ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে বন্দী ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দী ছিলেন।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান জানান, সোমবার রাতে কারাগারে কাজল রেখা হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

