‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শোভাযাত্রা (র্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক অদুদ, কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. মজিবুর রহমান, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি ও বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ খান প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সুরক্ষা ও মর্যাদা রক্ষা এবং একটি আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

