"ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬।
সোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ঝালকাঠির যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. কাওছার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে অপতথ্য বা ভুল তথ্য রোধে জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগই পারে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিনা সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।
বক্তারা অপতথ্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তথ্যের মুক্ত প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভায় সনাক ও টিআইবি ঝালকাঠির কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

