বিএনপির কেউ আওয়ামী লীগকে সহযোগিতা করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বিমান ও হেলিকপ্টারে ভারতে আশ্রয় নিয়েছে। গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা ভেবেছিল, তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। কিন্তু বিএনপি কোনো রক্তপাতের পথে যায়নি। যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের রাজনীতি করতে হলে আইনি প্রক্রিয়ায় বৈধতা নিয়ে আসতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকার তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দলটিকে নিষিদ্ধ করেছে। বিএনপির কেউ যদি তাদের সহযোগিতা করে, তাকেও ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, দলের মধ্যে থাকা সুবিধাবাদী ও দালালদের প্রশ্রয় দেওয়া হবে না। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ রাজনীতি করতে হবে।
এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে পৌর ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।

