মাত্র চার শতক জমির ওপর নির্মিত বসতবাড়ি। বাড়ির বারান্দা, উঠান থেকে শুরু করে ঘরের আনাচে-কানাচে সারি সারি চাড়ি ও চৌবাচ্চা। আর সেগুলোতে চাষ হচ্ছে নানা প্রজাতির বিদেশি রঙিন মাছ। শখ থেকে শুরু করা এই উদ্যোগ এখন পরিণত হয়েছে সম্ভাবনাময় ব্যবসায়। সীমিত জায়গায় মাছের পোনা উৎপাদন করে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন আনসার সদস্য তারিকুল ইসলাম।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা গ্রামের বাসিন্দা তারিকুল ইসলাম। পেশায় আনসার বাহিনীর সদস্য হলেও চাকরির পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে নিজের চার শতক জমির বাড়ির প্রতিটি অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিদেশি রঙিন মাছের খামার।
বাড়ির বারান্দা, উঠান ও ঘরের বিভিন্ন স্থানে ছোট-বড় চাড়ি বসানোর পাশাপাশি ইট, বালি ও সিমেন্ট দিয়ে তৈরি করেছেন একাধিক চৌবাচ্চা। সেখানেই চলছে নানা প্রজাতির রঙিন মাছের প্রজনন ও পোনা উৎপাদন।
তারিকুলের এই উদ্যোগের শুরুটা হয়েছিল নিছক শখ থেকে। শখের বসে কাচের অ্যাকুরিয়ামে কয়েক জোড়া রঙিন মাছ পালন শুরু করেন তিনি। কিন্তু বাজারে এসব মাছের পোনা তুলনামূলক বেশি দামে কিনতে হতো। আবার চাহিদামতো বিভিন্ন প্রজাতির মাছ সহজে পাওয়াও যেত না। এ পরিস্থিতি থেকেই নিজের উদ্যোগে মাছের প্রজনন ও পোনা উৎপাদনের চিন্তা আসে তাঁর মাথায়।
এরপর ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার রঙিন মাছচাষি ও উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের কাছ থেকে চাষের কৌশল ও প্রজনন পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়ে প্রায় তিন বছর আগে মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ শুরু করেন।
তবে শুরুর পথ খুব একটা সহজ ছিল না। প্রাকৃতিক আবহাওয়া, বিভিন্ন দুর্যোগ, মাছের রোগবালাই ও মৃত্যুর কারণে একাধিকবার প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তাঁকে। তারপরও পিছিয়ে যাননি তারিকুল। নিজের অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে বাড়িয়েছেন মাছের সংগ্রহ, উৎপাদন ও ব্যবসার পরিধি।
মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা সেই উদ্যোগে বর্তমানে তাঁর বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। মৌসুমভেদে প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকার মাছ বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন জেলার অ্যাকুরিয়াম ব্যবসায়ীদের কাছেও পাইকারি দামে মাছ সরবরাহ করছেন তিনি।
তারিকুলের প্রতিষ্ঠানের নাম ‘টিআইবি ফিস অ্যান্ড বার্ড ফার্ম’। এখানে প্রজাতিভেদে ১৫ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের রঙিন মাছ পাওয়া যায়। বর্তমানে তাঁর খামারে রয়েছে প্রায় ২০ প্রজাতির ১০ থেকে ১৫ হাজার বিদেশি রঙিন মাছ।
খামারে থাকা উল্লেখযোগ্য মাছের মধ্যে রয়েছে ব্ল্যাক রেডিয়াম বেলুন, মনটেল মলি, হোয়াইট রেডিয়াম বেলুন, ফায়ার মলি, রেড মলি, গোল্ড ডাস্ট মলি, মিক্স গাপ্পি, রেড ড্রাগন গাপ্পি, ব্লু ড্রাগন গাপ্পি, পার্পেল ড্রাগন গাপ্পি, ব্ল্যাক মস্কো, রেড মস্কো, টুয়েন্টি ফোরকে গোল্ড, ব্লু পান্ডা গাপ্পি, ব্ল্যাক ডায়মন্ড গাপ্পি, মিকি মাউস, গোল্ডেন গুরামি ও ফ্লাওয়ার হর্নসহ বিভিন্ন প্রজাতির মাছ।
চাকরির পাশাপাশি সীমিত জায়গায় এমন একটি খামার গড়ে তুলতে পেরে সন্তুষ্ট তারিকুল। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে খামারের পরিসর বাড়িয়ে আরও বেশি মাছের প্রজনন ও পোনা উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে নিজের উদ্যোগে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান তিনি।
তারিকুল মনে করেন, রঙিন মাছের বাণিজ্যিক চাষ ও পোনা উৎপাদনে বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এ খাতকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত পরামর্শ।
রঙিন মাছের বাণিজ্যিক চাষের এই উদ্যোগের সম্ভাবনা দেখছেন স্থানীয় মৎস্য বিভাগও। ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ জানান, অ্যাকুরিয়াম ফিশের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভালো প্রজাতির মাছের বাণিজ্যিক চাষ করে অনেকেই সফল হচ্ছেন। আগ্রহী চাষিদের প্রযুক্তিগত সহায়তা দিতে মৎস্য বিভাগ অঙ্গীকারবদ্ধ।
মাত্র চার শতক জায়গার একটি বসতবাড়ি। অথচ সেই বাড়ির প্রতিটি অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে তারিকুল ইসলাম গড়ে তুলেছেন সম্ভাবনাময় রঙিন মাছের খামার। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, বড় ব্যবসা গড়ে তুলতে সব সময় বড় জায়গা বা বিপুল পুঁজির প্রয়োজন হয় না। প্রয়োজন আগ্রহ, পরিশ্রম, ধৈর্য ও সঠিক পরিকল্পনা।
সরকারি সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে তারিকুলের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরে দেশে রঙিন মাছের বাণিজ্যিক চাষ আরও সম্প্রসারিত হতে পারে। পাশাপাশি তৈরি হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ। চার শতকের ছোট্ট বাড়িতে তারিকুলের এই স্বপ্নযাত্রা এখন সফল উদ্যোক্তা হওয়ার প্রত্যাশায় এগিয়ে চলছে।

