সুপ্রভাত ঢাকা

বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, কৃষক দলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদিকা নারগীস আক্তার ইভা, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের পর ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ৫ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফিলিপাইনের মার্কোস কিংবা ইরানের শাহর মতো জনবিচ্ছিন্ন কোনো স্বৈরাচারই গণ-অভ্যুত্থানের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। বিএনপির মূল শক্তি বন্দুক, ককটেল বা রিভলবার নয়; দেশের সাধারণ জনগণই দলের মূল চালিকাশক্তি।

বক্তারা আরো বলেন একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পরিকল্পিত ভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। বিএনপি দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।